বাংলাদেশ ডেস্ক
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরব গেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করবেন। নির্ধারিত এই বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় পারস্পরিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সৌদি আরব অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি দুই দেশের নৌবাহিনীর মধ্যকার প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সমুদ্র নিরাপত্তার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা খাতে বাংলাদেশের এই উচ্চপর্যায়ের যোগাযোগ কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, নৌবাহিনী প্রধানের এই দ্বিপক্ষীয় সফর দুই দেশের মধ্যকার সুদীর্ঘ ও ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে পারস্পরিক পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ক্ষেত্র প্রসারের মাধ্যমে উভয় দেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এই সফর ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে নৌবাহিনী প্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।