ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ
সিডিএফএ–মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে তিনটি খেলার নিষ্পত্তি হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় জয়লাভ করে সন্দ্বীপ ফুটবল একাডেমি, আকুবদন্ডী ফুটবল একাডেমি এবং চট্টগ্রাম ফুটবল একাডেমি। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সন্দ্বীপ ফুটবল একাডেমি ২–১ গোলে ইয়ং ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নিরব দাশ ২টি ও বিজিত দলের পক্ষে জাসেদুল ইসলাম রিয়াদ গোল করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সন্দ্বীপ ফুটবল একাডেমির নিরব দাশের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক।
একই ভেন্যুতে দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে আকুবদন্ডি ফুটবল একাডেমি ২–০ গোলে এম সি এস ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা তাহাজীবুল ইসলাম রিয়ান ও মো. আব্বাস উদ্দিন মিনহাজ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আকুবদন্ডি ফুটবল একাডেমির মো. আব্বাস উদ্দিন মিনহাজ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. আসাদুজ্জামান খান। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত দিনের তৃতীয় ও শেষ খেলায় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি ২–০ গোলে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল দেয় ওয়াসিক আইয়ান এবং জাহিদউদ্দিন ছাদি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির ওয়াসিক আইয়ান। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ কাউন্সিলর আইনুল কবির জিতু। আজ ২৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের তৃতীয় দিনে চারটি খেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এসব খেলায় অংশ নেবে আবদুস সোবহান ফুটবল একাডেমি–হাটহাজারী ফুটবল একাডেমি (সকাল ৯.১৫টা),স্বাধীন বাংলা ফুটবল একাডেমি–সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি (সকাল ১০.৪৫টা),একরাম ফুটবল একাডেমি–দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি(দুপুর ২.১৫টা), কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি–রামপুর ফুটবল একাডেমি(বিকাল ৩.৪৫টা)। উল্লেখ্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।