স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, 'প্লাজমা লিকেজ এড়াতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জ্বর কমে যাওয়ার পরের চারদিন গুরুত্ব দিয়ে হাসপাতাল অবজারভেশনে রাখতে হবে। রোগীরা চলে যেতে চাইলেও যেতে দেওয়া যাবে না।' প্রয়োজনে সিকিউরিটি দিয়ে হাসপাতালের গেট বন্ধ রেখে রোগীকে অবজারভেশনে রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, 'ডেঙ্গু সম্পূর্ণ একটি মশাবাহিত রোগ। পৃথিবীতে এর আলাদা কোনো চিকিৎসা নেই। নির্দিষ্ট একটি চিকিৎসা প্রটোকল রয়েছে সে চিকিৎসা প্রটোকল দেশের সকল উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে।'
মন্ত্রী বলেন, 'ডেঙ্গুর প্রধান চিকিৎসা হচ্ছে স্যালাইন। প্রয়োজনীয় স্যালাইন প্রত্যেকটি উপজেলায় ও কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে।' চিকিৎসার কোন কিছু অভাব হবে না বলে এ সময় আশ্বস্ত করেন তিনি।
ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, 'একটা লেভেলে গিয়ে ডেঙ্গু রোগীদের প্লাজমা লিকেজ হতে পারে। এমন পরিস্থিতিতে যাতে সাথে সাথে চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে আরও ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।'
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত ছিলেন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.