রাজনীতি ডেস্ক
জাতীয় সংসদের বিরোধী দলের রাজনৈতিক আচরণের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদের ভেতরে এক ধরনের ইতিবাচক অবস্থান দেখালেও বাইরে গিয়ে ভিন্নরূপ ধারণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিরোধী জোটের একটি দল ও তাদের বিভিন্ন নেতার রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য এবং সাম্প্রতিক নানা কর্মসূচি বাস্তবসম্মত নয়।
শনিবার লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় আদর্শ সামাদ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক উদ্যোগের কথা উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, গত সরকারের রেখে যাওয়া বহুমুখী সংকট ও ধ্বংসস্তূপের মধ্য থেকে বর্তমান দায়িত্ব গ্রহণ করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক ও অবকাঠামোগত পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের মতো দীর্ঘমেয়াদী সংকটের সমাধান তাৎক্ষণিকভাবে দেওয়া যায় না। এর জন্য কিছুটা সময় প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে মন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময় থেকেই বিভিন্ন দল ও জোট নিয়মিত প্রতিবাদ, আন্দোলন ও লং মার্চের মতো কর্মসূচি পালন করে আসছে। বর্তমান অন্তর্বর্তীকালীন ও নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিবেকবর্জিত ও হঠকারী বক্তব্য প্রদান রাজনৈতিক সংস্কৃতির জন্য সহায়ক নয়। বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে ধৈর্য ধারণের জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে লক্ষ্মীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শেষ হয়।