স্বাস্থ্য ডেস্ক
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। বর্তমানে যেসব শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসেনি বা টিকা গ্রহণ করেনি, তারাই মূলত হামে বেশি আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, হামের প্রকোপ উল্লেখযোগ্যহারে কমাতে দেশের প্রতিটি জেলার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও এই টিকা কার্যক্রম জোরালোভাবে পরিচালনা করা হবে।
সফরকালে স্বাস্থ্যমন্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি চিকিৎসাসেবার মান আরও উন্নতির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এ ছাড়া চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন।
সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকট নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যেই স্বাস্থ্য খাতে বড় পরিসরে নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে হাসপাতালগুলোতে জনবল সংকট অনেকটাই দূর হবে এবং সাধারণ রোগীরা আরও দ্রুত ও নির্বিঘ্নে চিকিৎসাসেবা লাভ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।