নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ নগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং রেলসেবার মানোন্নয়নে আগামী ডিসেম্বরের মধ্যে নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে নগরীর যানজট নিরসন ও অবকাঠামোগত উন্নয়নে রেল স্টেশন আধুনিকায়ন, ওভারপাস নির্মাণ এবং বেইলি ব্রিজ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, ময়মনসিংহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে আগামী ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ থেকে সিলেট অথবা ময়মনসিংহ থেকে ঢাকা রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া বর্তমানে বন্ধ থাকা মোহনগঞ্জ লোকাল ট্রেনটি পুনরায় চালুর পাশাপাশি নিয়মিত ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। রেলসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ রেল স্টেশনকে আধুনিকায়নের আওতায় আনা হবে। এর অধীনে স্টেশনে নতুন যাত্রীসেড, উন্নত বিশ্রামাগার, পর্যাপ্ত পাবলিক টয়লেট এবং নামাজখানা স্থাপন করা হবে।
নগরীর যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজতর করতে একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নগরীর কাচারিঘাট এলাকায় একটি বেইলি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ তিনটি পয়েন্টে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিশেষ করে চরপাড়া এলাকার যানজট কমাতে সেখানে একটি ইউলুপ স্থাপন করা হবে। যথাযথ সমীক্ষা শেষে এসব প্রকল্পের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেন তিনি।
দেশের সার্বিক উন্নয়ন ও বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাত্র তিন মাসের মধ্যে স্বাস্থ্য ও কৃষিখাতে উল্লেখযোগ্য সংস্কার শুরু করেছে। নাগরিক সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ চলমান রয়েছে। একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো গঠনের মাধ্যমে উন্নত দেশ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভার শুরুতে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের ব্যক্তিগত উদ্যোগে নগরীর বস্তিবাসী ও নিম্নবিত্ত পরিবারের জন্য প্রায় সাত হাজার স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভার আগে প্রতিমন্ত্রী নগরীর কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত সেতুর স্থান, চরপাড়া মোড় এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।